প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক যুবতীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবতী পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা (২২) বছর বয়সী এক যুবতীর সঙ্গে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের এক যুবকের প্রায় সাত মাস সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের সম্পর্কের অবসান ঘটে।
ভুক্তভোগীর দাবি, ওই যুবকের বন্ধু আকাশ মণ্ডল (২৯) তাকে আশ্বাস দেন যে পাংশায় এলে তার সঙ্গে সাবেক প্রেমিকের বিয়ে সম্পন্ন করে দেওয়া হবে। এতে বিশ্বাস করে গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি পাংশা উপজেলার শহরের মৈশালা বাসস্ট্যান্ডে পৌঁছান। পরে অভিযুক্ত আকাশ মণ্ডল মোটরসাইকেলে করে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় যান।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তাকে সেখানকার মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রের কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন অপর অভিযুক্ত মো. জামাল মন্ডল (২২)। যুবতী বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে অভিযুক্তরা সকালে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে রাতে ওই কক্ষে থাকতে বাধ্য করেন এবং বাইরে থেকে দরজা বন্ধ করে রাখেন।
রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুই অভিযুক্ত কক্ষে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। সেই সাথে ঘটনাটি কাউকে না জানাতে বলে, আর জানালে প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা তার কানের স্বর্ণের দুল, ব্যাগে থাকা নগদ অর্থ এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে নেয়। পরবর্তীতে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় এসে তিনি এজাহার দায়ের করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এএইচ
