রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৭ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য ব্যবহৃত ক্রেন দিয়ে জাহাজ থেকে গম নামানো হচ্ছিল। এ সময় ক্রেনের নিচে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ করেই ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব নিচে পড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই থানার নাদোর শহীদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। এ ঘটনায় মিশু নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, ক্রেনের গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বর্তমানে তিনি নিহতদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী ইসলাম। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জেনেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ ও ক্রেনের তার ছিঁড়ে যাওয়ার পেছনে কোনো অবহেলা ছিল কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।
এমআর//
