ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩, আহত ৫৮
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ আরেক প্রবাসী বাংলাদেশি। তিনি বলেন, সালেহ আহমেদ আজমান এলাকায় নিহত হন। তিনি পানি সরবরাহের কাজ করতেন।
সালেহ আহমেদের পুরোনো বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। পরে তিনি মৌলভীবাজারের বড়লেখার গাজীটেকায় বাড়ি করেন। সালেহ আহমদ স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান পাল্টা অভিযান শুরু করার পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
নিহত অপর দুজন হলেন পাকিস্তান ও নেপালের নাগরিক। হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এমআর//
