ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

কলকাতায় মৃত্যু আ.লীগের সাবেক এমপির মরদেহ সীমান্তে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৭২)। তার মরদেহ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তার মরদেহ যশোরের বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা। 

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পরান আলী মিয়া।

গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান বলেন, গত বছরের ৫ আগস্টের পর মো.জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। 

এএইচ