ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

রূপগঞ্জে চুরির অপবাদে ৩ নারীকে নির্যাতন, মাথার চুল কর্তন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৮ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ী থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টাকালে ৩ নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় তাদেরকে দড়ি দিয়ে বেধে নির্যাতন করা হয়। এমনকি কেচি দিয়ে কেটে ফেলা হয় তাদের মাথার চুল। 

ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৩ নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সোমবার রূপগঞ্জের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা  কুমিল্লার মুরাদ নগর থানাধীন জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানাধীন দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার, বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সকালে ডহরগাও এলাকার সেলিম মিয়া বাড়ীতে ৩ জন নারী প্রবেশ করে স্বর্ণের চেইন চুরি করতে গেলে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে আটককৃতদের দড়ি দিয়ে বেধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেচি দিয় কেটে ফেলে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল থেকে আটক ৩ নারীকে তাদের হেফাজতে নেয়।

তিনি আরেও বলেন, চুরি করার অপরাধে আইনগতভাবে শাস্তি দেবার বিধান আছে। তবে সেটা নিজ হাতে দিতে পারবে না। এমনকি বেধে মারধর ও মাথার চুল কেটে ফেলা সেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ