ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

চলমান সংঘাতের মধ্যে এক মাসের জন্য সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির উপর নির্ভর করে আরও বাড়ানো হ‌তে পা‌রে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হ‌য়ে‌ছে, ভিসার মেয়াদ বাড়ানো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো ফি লাগবে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসার ক্ষেত্রে নিয়মভঙ্গ হয়েছে, সেসব ভিসাধারীদের প্রথমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফ প্রযোজ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও জানানো হয়, স্থায়ী এবং ভ্রমণকারীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এএইচ