ফরিদপুরে মাদকের টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
ফরিদপুর শহরে মাদক ব্যবসার টাকা-পাওনা ও পূর্ব শত্রুতার জেরে রাজু শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর রেল কলোনি এলাকার বাসিন্দা হৃদয় শেখের সঙ্গে রাজুর দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার রাতে হৃদয় শেখ ও তার ৪-৫ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার দুই পা ও ডান হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
নিহত রাজু শেখ ফরিদপুর পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি শহরের ২ নম্বর কুটিবাড়ী এলাকার বাসিন্দা বাবলু শেখের ছেলে।
ঘটনার প্রধান অভিযুক্ত হৃদয় শেখ স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা বলে জানা গেছে। মঙ্গলবার সকালে মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার টাকা-পাওনা ও পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমআর//
