প্রমাণ দেখান, আমি আর ক্রিকেট খেলব না: এনামুল হক বিজয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
বিসিএলের ফাইনালের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হন এনামুল হক বিজয়। স্টেডিয়াম চত্বরে দাঁড়িয়ে সতীর্থদের খেলা দেখলেও নিজের না খেলতে পারার আক্ষেপ লুকাতে পারেননি তিনি।
স্টেডিয়াম ছাড়ার আগে বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মান ফেরত না দেওয়া পর্যন্ত তিনি আর ক্রিকেটে ফিরবেন না।
এদিকে ফিক্সিং সন্দেহে এনামুল হক বিজয়ের নাম ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। তাকে সবশেষ বিপিএলের আসর থেকে সরিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও অনুপস্থিত ছিলেন এই ওপেনার।
তবে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে দলে নাম থাকলেও দেশের বাইরে অবস্থান করায় কোনো ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে মঙ্গলবার (৩ মার্চ ) গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়।
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে।’
তবে গত এক বছরে ক্রিকেটে পরিস্থিতি তাকে মানসিকভাবে আঘাত করেছে বলেও জানান বিজয়।
অভিযোগের বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বিজয়ের স্পষ্ট বক্তব্য, ‘যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করতেছি (ফিক্সিং) কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান। আমি আর ক্রিকেট খেলব না।’
বিজয় বলেন, ‘আমাকে একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, আরেকটাতে দেওয়া হবে না। এভাবে চলতে পারে না। আমি পেশাদার ক্রিকেটার, ১০-১২ বছর ধরে জাতীয় দলে খেলেছি, ৫১টা সেঞ্চুরি করেছি। অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলে নেতৃত্ব দিয়েছি। আমি তো উড়ে এসে জুড়ে বসিনি যে আমাকে যা ইচ্ছা তাই বলা যাবে। বিষয়টি এত দীর্ঘ হওয়া উচিত নয়।’
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না বিসিবি সসম্মানে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী নয়, তার পেমেন্ট ক্লিয়ার করছে এবং সন্দেহের তালিকা থেকে নাম কাটছে ততক্ষণ আমি খেলব না। সম্মানের জন্যই ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য নয়। সেই সম্মান আমি ফেরত চাই।’
সমস্যার সমাধানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বিজয়। তবে সভাপতির কাছ থেকে কোনো সাড়াই পাননি তিনি।
হতাশ বিজয় বলেন, ‘আমি বুলবুল ভাইকে কল করে পাইনি। এসএমএস করে কথা বলার অনুরোধ করলেও তিনি রিপ্লাই দেননি। ফারুক ভাই ও মিঠু ভাই শুধু বলেছেন, ‘দেখছি, হয়ে যাবে ইনশাআল্লাহ।’ বিষয়টা এভাবেই ঝুলে আছে। এখন সব আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’
এমআর//
