চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।
অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। যশোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থা খারাপ ছিল, লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় মারা যান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
বৈদ্যনাথ সাহা দীর্ঘ অভিনয় জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয়শৈলী, আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি স্নেহশীল আচরণ তাকে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ সম্মান এনে দেয়। তার প্রয়াণে দেশের নাট্য ও চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমআর//
