গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না: নাহিদ ইসলাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৬ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। জনগণ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। সেই গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। এটা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে রাজপথে নামবেন তারা।
মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।
ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এ ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জামায়াত কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর//
