ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

আন্তর্জাতিক সম্পর্কে ইসরায়েলসহ সব পক্ষের মৌলিক স্বার্থেই বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

মঙ্গলবার (৩ মার্চ) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ কথা বলেন। 

সার বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরার পর ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পক্ষে চীন বরাবরই অবস্থান নিয়েছে। সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি। 

ওয়াং বলেন, বহু বছর ধরে ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে চীন কাজ করে আসছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অগ্রগতি দেখাচ্ছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও আলোচিত হয়েছিল। তবে সামরিক হামলার কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

চীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করে বলে জানান ওয়াং। তিনি বলেন, শক্তি প্রয়োগ প্রকৃত সমাধান দিতে পারে না; বরং নতুন সমস্যা ও গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির প্রকৃত মূল্য যুদ্ধক্ষেত্রে নয়, যুদ্ধ প্রতিরোধে—এ কথাও উল্লেখ করেন তিনি। 

অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রোধ করার আহ্বান জানান ওয়াং। মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন ন্যায়সঙ্গত অবস্থান বজায় রেখেছে এবং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 

আলোচনায় ইসরায়েলকে চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। জবাবে সা'আর বলেন, ইসরায়েল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে। 

এমআর//