ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ এএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও কয়েকশ’ মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১।

এইচআরএএনএ আরও জানিয়েছে, বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা ৫ হাজার ৪০২–এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

ইরানে গত শনিবার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিনসহ ইরানের ১৭টি রণতরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় কুপার বলেন, ‘এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরি এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। আমাদের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।’

কুপার বলেন, ‘আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন ধ্বংস করেছি।’

অন্যদিকে, পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে।

সূত্র: বিবিসি

এএইচ