ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০০ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে আরুশ মিয়া ও নুরধন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান এক লাখ টাকা ধার নেন। দীর্ঘ সময় পার হলেও টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ সময় পুরো গ্রামজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এমআর//
