দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি ফিরলেন ঢাকায়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে তাদেরকে নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এর আগে দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।
এএইচ
