ইরান ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর আলোচনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২১ এএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
রুবিওর মুখপাত্র টমি পিগট বলেন, “রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান”।
মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।
ফোনালাপে রুবিও এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী “ইরানি শাসনব্যবস্থা যে হুমকি অব্যাহতভাবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সৃষ্টি করছে, সেই বিষয়সহ অঞ্চল সম্পর্কিত অন্যান্য সাম্প্রতিক উন্নয়ন” নিয়ে আলোচনা করেন।
এদিকে, ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়।
জেলেনস্কি জানান, তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাত ও কাতার এবং আজ জর্ডান ও বাহরাইনের সঙ্গে কথা বলেছেন।
ইউক্রেনীয় কর্মকর্তাদের জেলেনস্কি নির্দেশ দিয়েছেন, এমন পরিকল্পনা তৈরি করতে, যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না।
এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে।
এএইচ
