ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবু’কে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫১ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবু’কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়।
বৃহস্পতিবার ভোর রাত ৪টায় পঞ্চবটি মোড়ে এঘটনা ঘটে।
নিহত বাবু উপজেলার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য বাবু গড়ে তুলেন এক বাহিনী। তারা ‘ন্যাড়া বাহিনী’ নামে পরিচিতি। ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত্যু ঘোষণা করেন এবং লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। পঞ্চবটি মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নিহত হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে তাদের গ্রুপের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে এবং সে তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে বলে জানান তিনি।
এএইচ
