ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ঢাকার ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। তাদের মধ্যে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ধামরাইয়ের রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে। অপর নিহত কুদ্দুস মিয়ার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ গ্রাম ধামরাইয়ের রাজাপুরে যাচ্ছিলেন। পথে বাটুলিয়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারেক হোসাইন মল্লিক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারেক হোসাইন মল্লিক নিহত হন এবং কুদ্দুস মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা কুদ্দুস মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর//