স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগ আইনজীবী স্বামীর বিরুদ্ধে
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার
জামালপুরে স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক আইনজীবী স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যরাতে শহরের দড়িপাড়া এলাকার মণ্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তাহমিনা আক্তার তনু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় তার স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তনুর সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে তাসফিক নামে এক ছেলে ও তাহা নামে এক মেয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, ওই আইনজীবী দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন এবং এ নিয়ে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জের বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর//
