ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৮ মার্চ ২০২৬ রবিবার

ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে। হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি 'উল্লেখযোগ্য হামলা'। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

যুদ্ধের ইতিহাসে এ প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি’ জ্বালানি মজুদ কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে, ইরান বেসরকারি স্থাপনায় এমন হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। 

উল্লেখ্য, তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আক্রান্ত তেল শোধনাগারটি থেকেই জ্বালানি সরবরাহ করত কর্তৃপক্ষ। 

ওদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত ও আরও অন্তত দশ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা মানুষরা আশ্রয় নিয়েছিলেন।

যদিও, এরপর আবারো হামলা হতে পারে এমন আশঙ্কায় কিছু মানুষকে ভবনটি ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

এএইচ