মির্জা আব্বাসের মানহানিতে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৬ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার | আপডেট: ১২:১৮ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় পাটওয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। শুধু তাই নয়, নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি প্রদান করতে থাকেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে মামলার বাদী আশরাফুল ইসলাম দেখতে পান, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন।
বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে মির্জা আব্বাসের মান সম্মান ক্ষুণ্ণ করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে একের পর এক মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, যা সকল প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর।
এএইচ
