ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে : আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার | আপডেট: ১১:০৯ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। 

রোববার (৮ মার্চ) বিকেলে তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ যুদ্ধ পরিস্থিতি ও ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

তিনি আরও বলেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের জন্য সরকার নির্দেশনা দিয়েছে। এ লক্ষ্যে ছয়টি টিম বিভিন্ন স্থানে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে মন্ত্রী সিলেট থেকে এসে মৌলভীবাজার সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি শ্রীমঙ্গলে বরুণা এলাকার আলেমেদীন মুফতি রশিদুর রহমান ফারুকী পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সবশেষে তিনি কমলগঞ্জে তার দাদা-দাদীর কবর জিয়ারত করেন।

এমআর//