ঢাকা, সোমবার   ০৯ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

ইরানের মিসাইল হামলায় সৌদি আরবে কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন ও কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।

তিনি আরও জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার জানান, বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একটি কন্যা সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ