অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে খাবার খাওয়া হলো না অমিতের
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৫ এএম, ৯ মার্চ ২০২৬ সোমবার
অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের অমিত হাসানের।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার বান্দুরা পিত্তিতলা পল্লীবিদ্যুৎ অফিসের সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।
নিহত অমিত (২৩) উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শেখ মামুনের ছেলে। নতুন বান্দুরায় বাইক পার্লার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সন্তান হওয়ার পর প্রবাসে চলে যাবে বলে সেটিও বেশ কিছুদিন যাবৎ বন্ধ রেখেছে সে।
নিহতের স্বজনরা জানান, অমিতের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। আটদিন ধরে স্ত্রীকে নিয়ে নবাবগঞ্জের দাউদপুরে শ্বশুর বাড়িতে বেড়াচ্ছেন অমিত। এ কয়দিনে অমিত প্রায়ই সকালে নাস্তা করে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসতো। সন্ধ্যায় বা রাতে আবার শ্বশুর বাড়িতে চলে যেতো। আজ দুপুরে স্ত্রী সঙ্গে একসঙ্গে খাবার খাবে এজন্য দুপুরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল অমিত।
পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে ফাঁকা সড়কে পড়েছিল সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি নিহতের স্বজনরা।
নবাবগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
