ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

হাসিনা সরকারের মদের মামলায় কণ্ঠশিল্পী আসিফ খালাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার | আপডেট: ০৩:২৩ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সাবেক হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

সোমবার আসামি ও রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমীর আদালত এই রায় ঘোষণা করেন।  

এর আগে, গত ৩ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভূক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। 

লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এএইচ