টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন ব্যক্তি এবং দুজন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শেষ রাতে সেহরি খাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ঘুরতে আসা বহিরাগত দুই নারীকে হেনস্তা এবং মারধর করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমআর//
