ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

ইরানে আজই সবচেয়ে তীব্রতম হামলা করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

দশদিন আগে যুদ্ধ শুরুর পর আজ (মঙ্গলবার) ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, আজই ইরানের আকাশসীমায় সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধবিমান ও বোমারু বিমান মোতায়েন করে বড় ধরনের হামলা চালানো হবে।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরান তুলনামূলকভাবে সবচেয়ে কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই তথ্যের সমর্থনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, গত কয়েক দিনে ইরানের পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হার প্রায় ৯০ শতাংশ এবং ড্রোন হামলার হার ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে।

 সংবাদ সম্মেলনে সামরিক কৌশলের পাশাপাশি ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়েও আলোচনা হয়। জেনারেল কেইন জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী বিশেষ পরিকল্পনা করছে।

অন্যদিকে, ইরানের বর্তমান নেতৃত্বকে কঠোর হুঁশিয়ারি দিয়ে হেগসেথ বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্য এটিই হবে বুদ্ধিমানের কাজ যদি তিনি ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকে গুরুত্ব দেন এবং পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেন।

বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে পেন্টাগনের অবস্থান জানতে চাওয়া হলে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, যুদ্ধক্ষেত্রে বেসামরিক হতাহত এড়াতে যুক্তরাষ্ট্র যে ধরনের সতর্কতা অবলম্বন করে, তা বিশ্বের অন্য কোনো দেশের সামরিক ইতিহাসে বিরল। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ এলে তা যথাযথভাবে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এমআর//