ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

ধামরাইতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক দম্পতি

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার | আপডেট: ১২:১৭ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

ঢাকার ধামরাইতে চুলার গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের অবকাঠামোও। 

মঙ্গলবার রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় ঘটে এই বিস্ফোরণের ঘটনা। 

দগ্ধ হয়েছেন সুমনা বাদশা ও তার স্বামী বাদশা মিয়া। দগ্ধদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে চা বানানোর জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে কক্ষের জানালার কাঁচ ভেঙে যায় এবং ঘরের ভেতরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা অন থাকা অবস্থায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাস বিস্ফোরিত হয়। এতে গৃহবধূ সুমনা বাদশা গুরুতর দগ্ধ হন। তার স্বামী বাদশা মিয়াও দগ্ধ হন। 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ