ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে অন্তত ১২জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে রাজ্জাক কমিশনারের পরিবারের ৬ জন রয়েছে। বাকিদের নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

এমআর//