লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র : বিআইডব্লিউটিএ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৪ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে এবার লঞ্চের টিকিট কাটার জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে ।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট থেকে নির্গমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ঈদের পরের পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে সদরঘাটে আগমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।
কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে নৌপথে চলাচলকারী যাত্রীসাধারণকে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত সহজ করতে, নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাঠনো এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে এ সব রুটে নিয়মিত নৌযান চলাচল শুরু হবে।
এতে আরও বলা হয়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল এবং ঢাকাস্থ বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটেও লঞ্চ স্টিমার সার্ভিস চালু করা হবে।
এমআর//
