রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় যুবদল নেতা মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। পরে হরি আনন্দ তাদের হুমকি-ধমকি দেন। মুজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিণবাগ এলাকায় বেশ কিছু সরকারি জমি রয়েছে। এসব সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে বরাদ্দ নেন রাশেদুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা। কিন্তু ওই সরকারি জমি জোরপূর্বক দখল করতে যুবদল নেতা মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ সেখানে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় রাশেদুল ইসলামসহ স্থানীয়রা বাধা দিলে মুজিবুর রহমান ও হরি আনন্দসহ তাদের লোকজন তাকে হুমকি-ধমকি দেন।
এমনকি মুঠোফোনে ঘর নির্মাণে আবার বাধা দিলে রাশেদুল ইসলামকে হত্যা করে গুম করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এতে রাশেদুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জমি মাপার আমিন বলেন, তিনি নকশা অনুযায়ী জমিটি মেপে দেখেছেন এবং এটি সরকারি জমি।
এ ব্যাপারে রাশেদুল ইসলাম বলেন, ‘আমি মাদ্রাসা নির্মাণের জন্য সরকারি জমিটুকু বরাদ্দ এনেছি, যেখানে হতদরিদ্র ও এতিম ছেলে-মেয়েরা লেখাপড়া করবে। কিন্তু সেই জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছেন মুজিবুর রহমান নামে এক বিএনপি নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতা। আমি বাধা দিতে গেলে যুবদল নেতা মুজিবুর রহমান আমাকে হত্যার হুমকি দেন।’
অভিযুক্ত যুবদল নেতা মুজিবুর রহমান বলেন, ‘যে জমিটিতে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জমি নয়।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর//
