চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৯ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশি ব্যাটার লিটন দাসের শটে ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত।
আহত হওয়ার পর তালাতকে মাঠেই দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চোটের গভীরতা বুঝতে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এরপরের ওভারেই বজ্রবৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। যদিও বৃষ্টির পর আবারও মাঠে গড়িয়েছে খেলা।
দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কাভার থেকে সেটা ৪ হওয়া থেকে বাঁচানোর জন্য বলের পেছনে ছোটেন হুসাইন তালাত। বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে না পেরে বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুরে পড়ে যান। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান তিনি।
ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌঁছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না। এদিকে আগে ব্যাটিং করে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বৃষ্টি বাগড়ার কারণে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রান।
এমআর//
