ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার | আপডেট: ০৯:১৯ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার
আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরো জানানো হয়, একইদিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই ঘোষণার পর ধর্মীয় প্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মানী কার্যক্রম বাস্তবায়নের ফলে সারা দেশের কয়েক হাজার ধর্মীয় সেবক সরাসরি উপকৃত হবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখে এই সম্মানী বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এটি দেশের সামগ্রিক ধর্মীয় কাঠামোর প্রতি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ৮ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানিয়েছিলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেবে সরকার। শুধু তাই নয়, অন্যান্য ধর্মের যাজক, পুরোহিত, বিহার অধ্যক্ষদেরও ভাতা প্রদান করা হবে।
প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।
প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন।ইসলামিক বই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা বলেন, এ ছাড়া প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে পালক/যাজক ৫ হাজার ও সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলোদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যান্য চ্যানেলগুলোও বিটিভির সৌজন্যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এএইচ
