ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

দোলনা থেকে কবর পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে পুলিশের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি হতে পারে—সেখানে পুলিশের প্রয়োজন। আবার কবরস্থানে কঙ্কাল বা লাশ চুরির ঘটনাও ঘটতে পারে—সেখানেও পুলিশের ভূমিকা জরুরি। পাশাপাশি একটি কার্যকর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

আইজিপি আরও বলেন, সেই ফ্যাসিষ্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে এই নিদের্শনা দিয়েছেন যে, বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ ও মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে বাড়তি নজরদারি থাকবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে চেকপোস্ট ও টহল জোরদার করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

এমআর//