দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার
দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সব এলাকার নদীবন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এই দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও হতে পারে।
এমন অবস্থায় ওইসব অঞ্চলের নৌবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত হতে পারে।
এএইচ
