ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে ট্রাম্পের সংশয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৭ এএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।’
শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তাঁর উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তাঁর একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’ অবশ্য খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প কারও নাম উল্লেখ করেননি। শুধু বলেন, ‘আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যাঁরা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।’
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রস্তুত নন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির ক্ষেত্রে তাঁর কাছে কোন শর্তগুলো গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় মোজতবা খামেনির বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই হামলায় মোজতবা খামেনির পায়ে আঘাত লাগে।
প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসম্মুখে আসেননি। এমনকি গত রোববার সর্বোচ্চ নেতা হিসেবে নাম ঘোষণার পর থেকে তিনি এখনও জাতির উদ্দেশে কোনও ভাষণ দেননি কিংবা কোনও লিখিত বিবৃতিও প্রকাশ করেননি।
এই পরিস্থিতিতে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছে।
এএইচ
