ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সিঙ্গাপুরে রওনা হওয়ার আগে মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

শুক্রবার দুপুরে তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারেননি।

এএইচ