ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই জয়ে দলটিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। 

রোববার (১৫ মার্চ) রাতে মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ।

সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারায় টিম টাইগার্স। এই জয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

এএইচ