ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া কুয়েটের উপাচার্য হিসেবে চূাড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়েছে।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে।
এমআর//
