ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

খাল খননে কৃষিতে সুফল আসবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গ্রামাঞ্চলের নারী-পুরুষের কল্যাণে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। এটি লোক দেখানো কোনো কর্মসূচি নয়, বরং জনগণের কল্যাণে বাস্তবসম্মত উদ্যোগ। খাল খননের মাধ্যমে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে খরা মোকাবিলায় খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে পুনরায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রীসহ জেলার পাঁচ সংসদ সদস্য কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। মহিষাখালী খালটির দৈর্ঘ্য ১ হাজার ১৩০ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৬০ ফুট।

এমআর//