সড়কে ঘরমুখো মানুষের চাপ, আছে অভিযোগও
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫৯ এএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ও গাজীপুরের সড়কগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে যানবাহন সংকট ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ যাত্রীদের।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দেখা যায়, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে অব্যাহত রয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ভ্যানে করে বাড়ির পথে রওনা হচ্ছেন।
সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের গাজীপুরের চন্দ্রা এলাকায় যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, গাড়ি কম থাকায় পরিবহনগুলো দ্বিগুণ ভাড়া আদায় করছে।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে এলেঙ্গাসহ কয়েকটি এলাকায় ধীরগতিতে চলছে গাড়ি।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। প্রথম দিনে অন্যান্য গণপরিবহনের তুলনায় নিরাপদ হওয়ায় ট্রেনযাত্রায় সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে।
ঢাকার কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। তবে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই অতিরিক্ত যাত্রীচাপ দেখা গেছে।
স্ট্যান্ডিং টিকিটও বিক্রি হচ্ছে সমানভাবে। তবে, পূর্বাঞ্চলের ট্রেনগুলো ছিল তুলনামূলম ফাঁকা। অনেক ট্রেনে তুলনামূলক যাত্রী কম দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার অনেক আগে থেকেই মানুষ ঈদ উদযাপন করতে বাড়ি চলে গেছে। তাই, তেমন চাপ নেই। নিরাপত্তাও সন্তোষজনক। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে যাত্রীদের।
আজ শবে কদরের সরকারি ছুটি দিয়ে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
এএইচ
