বকেয়া বেতন-বোনাস দাবিতে জনকণ্ঠে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
দীর্ঘ নয় মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে বেতন-ভাতা ও বোনাস পরিশোধ না করলে মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে গ্লোব জনকণ্ঠ শিল্পপরিবারের ভবনে এই অবস্থান কর্মসূচি চলছে।
আন্দোলনরত জনকণ্ঠের সাংবাদিকরা জানান, চলতি মাসের ৫ তারিখের মধ্যে বকেয়া পরিশোধ এবং ১৫ মার্চের মধ্যে ঈদের বোনাস দেওয়ার কথা থাকলেও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান তা পরিশোধে ব্যর্থ হয়েছেন। এর ফলে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় জনকণ্ঠের কয়েকশ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বারবার পাওনা পরিশোধের নির্দিষ্ট তারিখ দেওয়ার পরও কর্তৃপক্ষ তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা সাধারণ সংবাদকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ অব্যাহত থাকবে। বেতন সংকটের কারণে সৃষ্ট এই স্থবিরতায় পত্রিকাটির স্বাভাবিক প্রকাশনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এমআর//
