সংঘাত বাড়লে খাদ্যসংকটে পড়বে সাড়ে ৪ কোটি মানুষ: ডব্লিউএফপি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ জুন মাস পর্যন্ত গড়ালে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত সংস্থাটির বিশ্লেষণে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার কারণে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের পথগুলো ব্যাহত হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।
ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের জানান, যুদ্ধের কারণে খাদ্যশস্য, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। এতে বিশ্বে মোট ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাবে।
ডব্লিউএফপি মনে করছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জ্বালানির দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতির সম্মিলিত প্রভাবে নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি সংকটের সৃষ্টি করবে।
সূত্র: আলজাজিরা
এমআর//
