ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতু কর্তৃপক্ষ টোল আদায় করেছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

বুধবার সকালে টাঙ্গাইলের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি  যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮শ’ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোন যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। 

সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া যানজট নিরসনের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এএইচ