অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের প্রথম নামাজে জানাজা তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। যেখানে সদ্য প্রয়াত এই অভিনেতার সহকর্মী থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন।
বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হয় শামস সুমনের জানাজা। যুক্তরাজ্য থেকে তাঁর পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে জানা যায়।
এর আগে সহকর্মী থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই শামস সুমনের শেষবিদায়ে উপস্থিত হয়েছিলেন চ্যানেল আই প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, চিত্রনায়ক ওমর সানী, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক বাদল খন্দকার, সকাল আহমেদ, অভিনয়শিল্পী আফজাল হোসেন, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, ত্রপা মজুমদার, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াহিদ, আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, শাহেদ শরীফ খান, অহিদা মল্লিক জলি প্রমুখ।
জানাজায় অভিনেতার পরিবারের পক্ষ থেকে কথা বলেন শামস সুমনের ভাই ও শামস সুমনের স্ত্রীর ভাই। তাঁরা শামস সুমনের জন্য দোয়া চান। জানা গেছে, ইতিমধ্যে শামস সুমনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন। তাঁরা দেশে ফিরলেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে শামস সুমনকে। তার আগপর্যন্ত শামস সুমনের মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একসময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন। মঞ্চ থেকে শুরু শামস সুমনের অভিনয়জীবন। পরিচিতি পান টিভি নাটকে অভিনয় করে। নব্বইয়ের দশকে ছোট পর্দায় নিয়মিত মুখ ছিলেন শামস সুমন। ছোট পর্দার পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন সুমন। অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত শামস সুমন ইমপ্রেস টেলিফিল্মের রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বেসরকারি হাসপাতালে মারা যান শামস সুমন। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শামস সুমনের স্ত্রী-সন্তানেরা যুক্তরাজ্যে থাকেন।
এমআর//
