ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, শতাধিক আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহারে। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল।  ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে বেশি হতাহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

এমআর//