ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

পূর্বাভাস: যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২০ এএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

পবিত্র রমজান মাস শেষ দিকে চলে এসেছে। আজ ২৯ রোজা চলছে। চাঁদ দেখা কমিটি বৈঠক ডেকেছে আজ বৃহস্পতিবার। চাঁদ দেখা সাপেক্ষে শুক্র বা শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া আগামী ২১ মার্চ অর্থাৎ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এএইচ