ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬,   চৈত্র ৬ ১৪৩২

ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি

শাহেদ শফিক, লন্ডন প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার

ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। লন্ডনে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার মুসলমান এখানে ঈদের নামাজ পড়েন। 

নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

তবে অনেকেই ঈদের নামাজ শেষে তাড়াহুড়ো করে ছুটে যান নিজ কর্মস্থলে। ঈদ উপলক্ষে কোনও ছুটি না থাকায় অনেকেই দু:খ ও ক্ষোভ প্রকাশ করেছেন। 

পূর্ব লন্ডন ছাড়াও ব্রিকলেন, নিউহাম, বার্কিং, হাম্পস্ট্যাড, মেনর পার্ক ইত্যাদি স্থানের স্থানীয় মসজিদ ও কমিউনিটি সেন্টারেও আনন্দ–উল্লাসের মধ্য দিয়ে ঈদের নামাজ হয়েছে। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এবারের নামাজে ইরান ও ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করেছেন সবাই। তবে পরিবার পরিজনকে ছাড়া প্রবাসের ঈদ কিছুটা বিষাদের হলেও পূর্বলন্ডন যেন প্রবাসী বাংলাদেশিদের কাছে আরেক ছোট বাংলাদেশ। কারণে এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদ। যেখানে উচ্চস্বরে প্রতিটি নামাজের আজাদ পরিবেশনের করা হয়।
 
ঈদ উপলক্ষে লন্ডনে বাংলাদেশিদের বাসাবাড়িতে ছিল নানান আয়োজন। পশ্চিম লন্ডনের এক বাড়িতে গিয়ে দেখা গেল দেশের মতো এলাহী খানাপিনার আয়োজন। পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি কী নেই। কোরমা-পোলাও আছে। সেখানে একে একে এসে উপস্থিত বিলেতের মিডিয়া পাড়ার বেশ কিছু কর্মী ও শিল্পী। খাওয়া-দাওয়া আর কুশলাদি বিনিময়ের পাশাপাশি চলে ঈদের গান আর দেশের ফেলে আসা ঈদের স্মৃতি।

এএইচ