মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা, নিহত ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার
নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক।
আজ শনিবার (২১ মার্চ) বিকাল তিনটার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ মো. রাব্বী মোল্যা (২০) নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষ করে রাব্বী তাঁর বন্ধু রোমান ও ভাগ্নে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সকাল থেকে বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায়। বিকালে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসছিল। এসময় সদর উপজেলার ধোন্দা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের পিছনে ধাক্কা দেয়৷
এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এএইচ
