জামালপুরে সেতু ভেঙে নদীতে পড়ে দুই সহোদরসহ ৪ শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান ড্রাম সেতু ভেঙে পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে দুই সহোদরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে আরো অন্তত ৭ জন।
আজ শনিবার বিকালে দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান ড্রাম সেতুতে ঈদ উপলক্ষে বেড়াতে এসে ভাসমান সেতু উল্টে দুই সহোদরসহ ৪ শিশু মারা যায়।
পুলিশ জানায়, থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুর ওপর ধারণ ক্ষমতার বেশি মানুষ উঠে। এতে ভাসমান সেতুর একটি অংশ উল্টে নদে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হচ্ছে- দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি (১০) ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার (১২) ও মোতালেব হোসেন (৬) অপর বেলতলী এলাকার আবির হোসেন (১৫) । খাদিজা ও মোতালেব হোসেন সহোদর ভাইবোন।
তবে এখনও উদ্ধার অভিযান চলছে।
এএইচ
