ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬,   চৈত্র ৮ ১৪৩২

কুমিল্লায় নিহত ১২ জনের পরিবারকে এক লাখ টাকা করে বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার | আপডেট: ০৩:০২ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আজ রোববার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এর আগে শনিবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রশিদ বলেন, যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে যাঁদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাঁদের যেন সহায়তা করা হয়।

যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেই গেটগুলোকে ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়ার কথা ভাবছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে দুজনের গাফিলতি পেয়ে তাঁদের বরখাস্ত করেছে।

এর আগে বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহা পরিচাল (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক  মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও রেল মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এএইচ